ফরিদপুরে হোটেল ও বস্তিতে যৌথবাহিনীর অভিযান ২০ জনকে কারাদণ্ড

দৈনিক তালাশ ডটকমঃ ফরিদপুর শহরে আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোতোয়ালি থানার দুই নম্বর কুঠিবাড়ি রেলওয়ে বস্তি ও শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চলে। এ অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

সেনাবাহিনীর মেজর রোকনুজ্জামান জানান, শহরের নির্বাচিত হোটেল ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী ও পুরুষসহ মোট ২০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—শিমু, অঞ্জনা, তামান্না, মথুরা রানী মন্ডল, রুনা বেগম, শারমিন আক্তার, খাদিজা আক্তার, জেসমিন আক্তার, রত্না বেগমসহ আরও কয়েকজন। পরে তাদের ফরিদপুর সার্কিট হাউসে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে- লিটন হোসেন, শাকিল আলম, শরিফ আবিদ হোসেন দিনারসহ বাকি ব্যক্তিদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরও বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে প্রেরণ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। তাই, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন করতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকা থেকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *