জুলাই স্মৃতিস্তম্ভে দোয়ার মাধ্যমে ফুটবল প্রতীক নিয়ে মাকসুদ হোসেনের নির্বাচনী প্রচারণা শুরু

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে নাসিক ১১নং ওয়ার্ড জুলাই স্মৃতিস্তম্ভে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন।

বৃহস্পতিবার (২২শে জানুয়ারী) সকালে সদর থানার ১১নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে তিনি এ নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ গণসংযোগ কর্মসূচিতে তাকে সমর্থন জানান।

এসময় নারায়ণগঞ্জ-৫ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ সুশাসন ও ন্যায়বিচার চান। এ আসনে ফুটবল মার্কার জয় অবশ্যই হবে। আমি গত কয়েকদিন যখন নারায়ণগঞ্জ-৫ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম, সদর-বন্দর থানার সাধারণ মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন। তারা সামনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি দেখতে চায়। আমরা তার ভিত্তিতেই আমাদের এ নির্বাচনী প্রচারণা চালাবো। এই এলাকায় যারা ভোটার আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান ও যেকোনো চাহিদা পূরণে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো। আমি ফুটবল মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।

এসময় মাহমুদুল হাসান শুভ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে মাকসুদ হোসেন ভোটারদের কাছে পৌঁছাতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চান। আমরা আশাবাদী সদর-বন্দরবাসী সর্বোচ্চ ভোটে তাকে বিজয়ী করে দেশে রেকর্ড গড়বে। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি ফুটবল প্রতীকে ভোট দিয়ে মাকসুদ হোসেনকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

প্রচারণার অংশ হিসেবে মাকসুদ হোসেন আজ ফুটবল প্রতীক নিয়ে নাসিক ১১নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ করে তিনি সাধারণ মানুষের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করলে তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন জানান। এসময় হাজার হাজার মানুষের সমর্থন–ভালোবাসায় মুগ্ধ হোন তিনি। প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *