পীর দাদীর ২০২৫ সালে মৃত্যু ২০২৬ সালে দাফন

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে জামিয়া সিরাজিয়া বাংড়া পাক দরবার শরীফের পীর দাদীর দাফন সম্পন্ন
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন ঐতিহ্যবাহী জামিয়া সিরাজিয়া বাংড়া পাক দরবার শরীফের পীর দাদী মরহুমা সুফিয়া খাতুনের দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬), বাদ যোহর বাংড়া পাক দরবার শরীফ সংলগ্ন বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ শেষে নিজস্ব মাজার প্রাঙ্গণে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে দরবার শরীফের ওলিয়ে কামেল পীরগণ, তাঁদের আওলাদগণ, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং সমগ্র বাংলাদেশ থেকে আগত শত শত ভক্ত আশেকান উপস্থিত ছিলেন।
মরহুমা সুফিয়া খাতুন ছিলেন ওলিয়ে কামেল মরহুম সৈয়দ গোপাল মিয়া পীর সাহেবের মাতা। তিনি বৈরাবরী এলাকার সৈয়দ সালাম চান্দের পুত্র সৈয়দ সিরাজ চন্দের সহধর্মিণী এবং বাংড়া পাক দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ বদরুদ্দোজা রিজভী, পীরে কামেল সৈয়দ নুরুলহুদা রেজভী, পীরে কামেল সৈয়দ আহমাদুল হক রেজভী, পীরে কামেল সৈয়দ মাহমুদুল হক রেজভী ও পীরে কামেল মরহুম সৈয়দ শামসুদ্দোহা রেজভীর দাদীমা।
উল্লেখ্য, তিনি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর (বুধবার) টাঙ্গাইলের মির্জাপুরস্থ কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪০ প্লাস। তিনি অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন।
দাফন অনুষ্ঠানে উপস্থিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও বাংড়া পাক দরবার শরীফের আশেকান ভক্ত আব্দুর রাজ্জাক মাতব্বর ভারাক্রান্ত হৃদয়ে পীর দাদীর স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মরহুমা সুফিয়া খাতুন অত্যন্ত ভালো ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।
উপস্থিত ভক্তবৃন্দ ও এলাকাবাসীও মরহুমার জন্য দোয়া করেন এবং তাঁকে একজন সদালাপী, পরহেজগার ও সম্মানিত নারী হিসেবে স্মরণ করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *