দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রটেক্টিভ লাইফ বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের আগ জোয়াইর উদয়ন প্রি-ক্যাডেট স্কুল ও জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুইটি মনোরম কেন্দ্রজুড়ে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং পরিচালক মো. আবুল কাসেমের সার্বিক তত্ত্বাবধানে পুরো পরীক্ষা কার্যক্রম অত্যন্ত আনন্দঘন, স্বচ্ছ, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণচঞ্চল অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক ইতিবাচক ও প্রতিযোগিতামুখর পরিবেশ।
আগ জোয়াইর উদয়ন প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রের সচিব হিসেবে ছিলেন মো. শফিকুল ইসলাম এবং জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মো. আশিকুর রহমান। দুই কেন্দ্রের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০০ জন, যারা নিষ্ঠা ও আগ্রহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।
স্থানীয়ভাবে জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোয়াইর উদয়ন প্রি-ক্যাডেট স্কুল মিলেই বৃত্তি পরীক্ষা এলাকাব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।